ইরান যুদ্ধের ঝুঁকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স ও কেইন

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত হলে তার পরিণতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। এরপরই প্রায় দুই সপ্তাহের টানা বিমান হামলার পর ইরানে সাময়িকভাবে হামলা স্থগিত করেছে আমেরিকা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক কৌশল নিয়ে আলোচনা হয়। সেখানে জেনারেল কেইন দীর্ঘমেয়াদি যুদ্ধের ফলে অস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার আশঙ্কা, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং সামরিক ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সংঘাত আরও বাড়ানোর সম্ভাব্য রাজনৈতিক ও কৌশলগত পরিণতি নিয়ে সতর্ক করেন।

একটি প্রতিরক্ষা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, শুক্রবার রাত থেকে ইরানে আমেরিকার বিমান হামলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয়; পরিস্থিতি অনুযায়ী আবারও অভিযান শুরু হতে পারে।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়াং বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। তবে ইরান যদি হরমুজ প্রণালি বা আমেরিকার মিত্রদের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং টানা সামরিক চাপের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এখন তেহরানের জন্য আলোচনার টেবিলে ফিরে আসাই সবচেয়ে বাস্তবসম্মত পথ।

অন্যদিকে, বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে প্রয়োজন হলে সামরিক অভিযান আবারও শুরু করা হতে পারে এবং প্রয়োজনে হামলার মাত্রাও বাড়ানো হবে।

এদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে আমেরিকার প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে এবং প্রেসিডেন্টের নির্দেশ পেলেই যেকোনো সময় অভিযান পরিচালনায় তারা প্রস্তুত।