বিনিয়োগের নিরাপত্তা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হবে না।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম সমুদ্রবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাতীয় মহাসড়কের সঙ্গে সংযোগ থাকায় আনোয়ারা দেশের অন্যতম মাল্টিমোডাল হাব হিসেবে গড়ে উঠছে। ফলে এ অঞ্চল শিল্পায়ন ও বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।

তিনি আরও বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।