গ্যাস সরবরাহে স্বস্তির বার্তা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

দেশে চলমান গ্যাসসংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে গ্যাসসংকটের কারণে জনগণের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহে যে সমস্যা তৈরি হয়েছে, তা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারণে হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে কাজ করছে। তাৎক্ষণিক সমাধান দিতে না পারাকে ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, সরকার এক্সিলারেট এনার্জির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রাথমিক আলোচনার ভিত্তিতে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই গ্যাসসংকট কিছুটা কমতে শুরু করবে। এ লক্ষ্যে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমদানিকৃত এলএনজি ও দেশীয় গ্যাস উৎপাদন দিয়েও বর্তমানে চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহ এবং নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার উদ্বৃত্ত গ্যাস শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের পরিকল্পনা চলছে। পাশাপাশি মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা চলছে।

তিনি বলেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের জ্বালানি খাতের সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।