নতুন প্রজন্মকে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম সাফল্যের স্বাক্ষর রাখবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে নানা চ্যালেঞ্জ থাকলেও এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। তরুণরা যে পেশায় নিজেদের গড়ে তুলতে চায়, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এ সময় প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণ এবং দেশের সম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



