‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন, লাখো মানুষ নিরাপদ আশ্রয়ে
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। নতুন তাপপ্রবাহের আশঙ্কায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে দুই দেশে ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা বলেছেন, আগামী দুই দিন দাবানল নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার থেকে আবহাওয়া আরও প্রতিকূল হয়ে উঠতে পারে, যা আগুন নেভানোর কাজকে কঠিন করে তুলবে।
ফ্রান্সের জিরোন্দ অঞ্চলে বিরল ‘পাইরোকিউমুলোনিম্বাস’ অগ্নি-মেঘ তৈরি হয়েছে, যা শক্তিশালী বাতাস ও বজ্রপাতের মাধ্যমে নতুন করে আগুন ছড়িয়ে দিতে পারে। এদিকে জিরোন্দ অঞ্চলে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৪৫টি ক্যাম্পসাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সের দাবানলে ৮৪ জন দমকলকর্মী আহত হয়েছেন এবং অন্তত ২৪০টি বাড়ি পুড়ে গেছে। অন্যদিকে স্পেনের আভিলা প্রদেশে প্রায় ৭৭ হাজার হেক্টর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলেও নতুন করে দাবানল তীব্র আকার ধারণ করেছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘ তাপপ্রবাহ, খরা এবং শুষ্ক বনভূমির কারণে ইউরোপে দাবানলের তীব্রতা ও বিস্তার আগের তুলনায় অনেক বেড়েছে। এদিকে ইতালির দক্ষিণাঞ্চলেও দাবানলের কারণে শত শত পর্যটককে সমুদ্রপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।



