আমেরিকার খাবার উৎসবে গুলির ঘটনা, নিহত ৩, আহত ৪

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটেল’ খাবার উৎসবে দুই বন্দুকধারীর গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এক শিশুসহ ৪ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং আরেকজনকে খুঁজে বের করার অভিযান চলছে।

রোববার সন্ধ্যায় সিয়াটেল সেন্টারের ঐতিহ্যবাহী স্পেস নিডল-এর কাছে উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ, দমকল ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা খালি করে নিরাপত্তা জোরদার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো অতিরিক্ত হুমকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটেল’ আমেরিকার অন্যতম জনপ্রিয় খাবার উৎসব। ১৯৮২ সালে শুরু হওয়া এই তিন দিনব্যাপী আয়োজনে প্রতিবছর কয়েক লাখ মানুষ অংশ নেন।