আমেরিকার সঙ্গে আলোচনার গুঞ্জন নাকচ করল ইরান

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে ইরান অনুরোধ জানিয়েছে—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘আমেরিকার কাছে আলোচনার অনুরোধ করা আমাদের ডিএনএতে নেই।’

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের পক্ষ থেকে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার কোনো অনুরোধ জানানো হয়নি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান এখনো চলছে এবং কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর টানা ১৩ দিনের বিমান হামলার পর দুই দেশের সম্ভাব্য আলোচনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সেই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে তেহরান।

এদিকে, ইরান দাবি করেছে যে সোমবার সকালে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় ছয়টি ‘আইন লঙ্ঘনকারী’ জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এ ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।