নিট প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে গুলি, তোপের মুখে বিহার পুলিশ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

ভারতের বিহার রাজ্যের সিওয়ান শহরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত ছাত্র বিক্ষোভে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালানোর অভিযোগে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত বিক্ষোভের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, দাঙ্গা-প্রতিরোধী পোশাক পরা এক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের দিকে দৌড়ে গিয়ে একে-৪৭ উঁচিয়ে অন্তত তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সিওয়ানের পুলিশ সুপার পুরান কুমার ঝা জানান, অভিযুক্ত পুলিশ সদস্য অভিষেক প্যাটেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিহার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নীলেশ কুমার বলেন, ঘটনায় কেউ আহত হননি। ব্যবহৃত একে-৪৭টি গোয়েন্দা ইউনিটের অস্ত্র ছিল, যা সাধারণত দুর্ধর্ষ অপরাধীদের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করা হয়।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বলেন, ছাত্র বিক্ষোভে এভাবে একে-৪৭ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।