স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের চিফ অব মিশনের সাক্ষাৎ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে আইওএমের সঙ্গে দুই দশকের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করা, জাতীয় মানবপাচারবিরোধী প্রচেষ্টা শক্তিশালী করা, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আইওএম মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। তাঁর সফর উপলক্ষে আগামী ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
মন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানান। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক দিকনির্দেশনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ কৌশলের জাতীয় বৈধকরণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে আইওএমের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ ছাড়া বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভূমিকা এবং এ ক্ষেত্রে আইওএমের কারিগরি সহায়তা নিয়েও আলোচনা হয়। আইওএমের পক্ষ থেকে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।



