রাষ্ট্রপতি নির্বাচনে পুরোপুরি প্রস্তুত ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এ বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। আইনের বিধান ও কমিশনের সার্বিক প্রস্তুতি বিবেচনায় যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে প্রস্তুত ইসি।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশন প্রাঙ্গণ থেকেই নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় সংসদের অধিবেশন চলা বা না চলার কারণে এ নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি হবে না।

সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন।

এদিকে সংসদীয় আসনসংক্রান্ত অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।

সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান সিইসি।