ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে ১৬২ জন গ্রেপ্তার

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

দাবানলে পুড়ছে ফ্রান্সের বিভিন্ন এলাকা। অসচেতনতা, অসতর্কতা ও ইচ্ছাকৃতভাবে দাবানল উসকে দেওয়ার অভিযোগে গত ৬ থেকে ২০ জুলাই পর্যন্ত ২০ দিনে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ১৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে দাবানল উসকে দিচ্ছেন, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা হবে।

চলতি বছরের শুরু থেকেই ফ্রান্সে দাবানলের প্রকোপ দেখা দিয়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশটির বিভিন্ন এলাকায় ১৩ হাজার ৫৬৬টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব দাবানলে ১ লাখ ১৬ হাজার ৮৫ হেক্টর জমির গাছপালা পুড়ে গেছে, যা দেশটির জন্য নতুন রেকর্ড।

এর আগে ২০২২ সালে দাবানলে ফ্রান্সের প্রায় ৭২ হাজার হেক্টর জমির গাছপালা পুড়ে গিয়েছিল। এতদিন সেটিই ছিল দেশটিতে দাবানলে সর্বোচ্চ ক্ষয়ক্ষতির রেকর্ড।

স্বরাষ্ট্রমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু বলেছেন, ফ্রান্সে প্রতি ১০টি দাবানলের মধ্যে ৯টিই মানবসৃষ্ট কারণে ঘটে। সিগারেটের অবশিষ্টাংশ না নিভিয়ে যত্রতত্র ফেলে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকায় বারবিকিউ করা এবং প্রয়োজনীয় সতর্কতা ছাড়াই ভবন ও অবকাঠামো নির্মাণের মতো কর্মকাণ্ডে দাবানলের ঝুঁকি বাড়ছে।

ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে দাবানল উসকে দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি