ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা ও দুর্যোগ মোকাবেলায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবীর ডেটাবেইস প্রস্তুত করা হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবী অন্তর্ভুক্ত করে এক লাখের লক্ষ্য পূরণ করা হবে।
বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় একটি জাতীয় টাস্কফোর্স গঠন, স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতিবিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া (এইচএসএ) স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়, যাতে দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত ও সমন্বিতভাবে পরিচালনা করা যায়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



