ওয়েবসাইট হ্যাক করেই মিলল ভর্তির সুযোগ!
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
ব্যাচেলর অব সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তি হতে চেয়েও সুযোগ পাননি এক তরুণ। নিজের দক্ষতার প্রমাণ দিতে তিনি হ্যাক করেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইট। তবে আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তার প্রযুক্তিগত দক্ষতা যাচাই করে আগামী শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি-কানপুর।
জানা গেছে, নতুন চালু হওয়া ব্যাচেলর অব সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তির জন্য ওই তরুণ নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করেন। প্রয়োজনীয় সব নথিপত্র এবং সাইবার নিরাপত্তা-সংক্রান্ত কাজের নমুনাও জমা দেন। কিন্তু তাকে প্রাথমিক সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি।
এরপর নিজের সক্ষমতা দেখাতে তিনি আইআইটি-কানপুর ও আইআইটি-মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করে সেখানে লেখেন, “সাইটটি হ্যাক করা হয়েছে। আমার শুধু একটি ন্যায্য সুযোগ দরকার।” পরে তিনি এক্স (সাবেক টুইটার) ও রেডিটে ঘটনার স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেন, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না; তিনি শুধু নিজের দক্ষতার প্রমাণ দিতে চেয়েছিলেন।
আইআইটি-কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল বলেন, সাইবার নিরাপত্তায় পূর্ব অভিজ্ঞতা না থাকায় ওই আবেদনকারীকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি। চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এখন তাকে ভর্তি করানো সম্ভব নয়। তবে তাকে ইনস্টিটিউটে আমন্ত্রণ জানিয়ে একটি আনুষ্ঠানিক পরীক্ষার মাধ্যমে তার প্রযুক্তিগত দক্ষতা মূল্যায়ন করা হবে। সেখানে যোগ্যতা প্রমাণ করতে পারলে আগামী শিক্ষাবর্ষে তাকে ভর্তির সুযোগ দেওয়া হবে।
তিনি আরও জানান, তরুণটি আইআইটি-কানপুর ও আইআইটি-মাদ্রাজের অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু অংশে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। তবে কম্পিউটার সিস্টেমে অননুমোদিত প্রবেশ আইনত দণ্ডনীয় হওয়ায় তাকে এ বিষয়ে কাউন্সেলিং করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইআইটি-কানপুরের এক কর্মকর্তা জানান, প্রথমে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের কথা ভাবা হয়েছিল। পরে তার দাবি যাচাই এবং প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই কর্মকর্তা আরও বলেন, আইআইটি-কানপুর অতীতেও তরুণ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উৎসাহিত করেছে। চলতি বছরের শুরুতে সিবিএসইর অনলাইন স্ক্রিন-মার্কিং পোর্টালের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা এক তরুণকে প্রতিষ্ঠানটি চাকরির প্রস্তাবও দিয়েছিল।



