তরুণ ভোটারদের টানতে নতুন রাজনৈতিক দল, চাপে নেতানিয়াহু

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন একটি ইহুদি-আরব রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। ‘আ প্লেস ফর আস অল’ নামে দলটির লক্ষ্য তরুণ ভোটারদের রাজনীতিতে সম্পৃক্ত করা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোটকে ক্ষমতা থেকে সরানো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে গঠিত দলটি শান্তি, সামাজিক সমতা এবং ইহুদি-আরব ঐক্যের বার্তা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। দলটির প্রার্থী তালিকায় সমানসংখ্যক ইহুদি ও আরব প্রার্থী রাখা হয়েছে, যা ইসরায়েলের রাজনীতিতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব হলেও নির্বাচনে তাদের অংশগ্রহণের হার তুলনামূলক কম। ২০২২ সালের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি ছিল ৫৩ দশমিক ২ শতাংশ, যেখানে ইহুদি ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৭৫ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটের ব্যবধান নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

নতুন দলের সহ-নেতা অ্যালন-লি গ্রিন বলেছেন, তাদের লক্ষ্য বিরোধী ভোট ভাগ করা নয়; বরং যারা বিশেষ করে তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আস্থা হারিয়ে ভোটকেন্দ্রে যান না, তাদের ভোটদানে উৎসাহিত করা। তাঁর ভাষায়, ‘আমরা নতুন ভোটার তৈরি করতে চাই, বিদ্যমান ভোট ভাগ করতে নয়।’

তবে দলটির আত্মপ্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরব রাজনৈতিক নেতাদের কেউ কেউ। তাদের আশঙ্কা, নতুন দলটি আরব ভোটে বিভাজন সৃষ্টি করলে নেতানিয়াহুবিরোধী শিবিরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট কনেসেটের ১২০টি আসনের মধ্যে আরব দলগুলোর দখলে রয়েছে ১০টি আসন। সংসদে প্রতিনিধিত্ব পেতে কোনো রাজনৈতিক দলকে জাতীয় ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ অর্জন করতে হয়।

বিশ্লেষকদের মতে, নতুন দলটি যদি এই ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হয়, তাহলে তাদের পাওয়া ভোট কোনো আসনে রূপ নেবে না। এতে বিরোধী শিবিরের ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

তবে নতুন দলটির নেতারা প্রয়োজনীয় জনসমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। পাশাপাশি নির্বাচনের আগে অন্য বিরোধী দলের সঙ্গে জোট বা একীভূত হওয়ার সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা।