জুলাইয়ের চেতনা বিকৃত বা ব্যবহার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণ-অভ্যুত্থানের অর্জনকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

তিনি বলেন, সমাজে যখনই অন্যায়-অবিচার ও শোষণ বেড়েছে, তখনই জনগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার শক্তি হিসেবে ধারণ করতে হবে।

আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, জুলাইয়ের চেতনাকে যেন সেভাবে ব্যবহার না করা হয়—এ আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের আত্মত্যাগের মধ্যেই প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধের অবদান কখনোই অস্বীকার করা যাবে না।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে বিএনপির চেয়ারপারসন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসংখ্য নেতাকর্মীকে জেল-জুলুমের শিকার হতে হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সফল হয়েছে। এখন সেই অর্জনকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সবার প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।