আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তার পর দুই দেশের আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে, যাতে কর্মীরা কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ব্যয়ের শিকার না হন।
তিনি আরও বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাধারণ কর্মীরা যেন কম খরচে, নিরাপদ ও বৈধ উপায়ে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যেতে অপেক্ষমাণ হাজারো বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



