আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ আগস্ট থেকেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা বহাল থাকবে।
এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন ও জুলাই মাসেও কোনো পরিবর্তন আনা হয়নি। সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্যও বিদ্যমান মূল্যহার বহাল থাকবে।
সরকার গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। সেই অনুযায়ী প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য ঘোষণা করা হয়।
বর্তমানে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অন্যদিকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নিয়মিত নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে মোট ব্যবহারের প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মাধ্যমে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে আগস্ট মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না, যা ভোক্তা ও পরিবহন খাতের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।



