স্ট্র চেটে আবার ডিসপেনসারে রাখায় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
সিঙ্গাপুরে একটি কমলার জুস ভেন্ডিং মেশিন থেকে স্ট্র বের করে চেটে সেটি আবার স্ট্র ডিসপেনসারে রেখে দেওয়ার ঘটনায় এক ফরাসি শিক্ষার্থীকে ৬০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছেন দেশটির আদালত।
অভিযুক্ত ১৯ বছর বয়সী দিদিয়ে গাসপার ওয়েন ম্যাক্সিমিলিয়ান সিঙ্গাপুরে অধ্যয়নরত। ঘটনার একটি ভিডিও তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “City is not safe” (অর্থাৎ, এই শহর নিরাপদ নয়)।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে এটি একটি স্থানীয় কমিউনিটি পেজে পুনরায় প্রকাশিত হলে বিষয়টি দেশটির সংবাদমাধ্যমেও গুরুত্ব পায়।
ভেন্ডিং মেশিন পরিচালনাকারী প্রতিষ্ঠান আইজুজ জানায়, জনস্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাটির পর মেশিনটির ডিসপেনসারে থাকা ৫০০টি স্ট্র পরিবর্তন করা হয়েছে।
আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—উভয়েই জরিমানার শাস্তির আবেদন জানায়। পরে আদালত ম্যাক্সিমিলিয়ানকে ৬০০ সিঙ্গাপুর ডলার জরিমানার আদেশ দেন।
ম্যাক্সিমিলিয়ানের আইনজীবী বিবিসিকে বলেন, তার মক্কেল ঘটনার জন্য আন্তরিকভাবে অনুতপ্ত। সে সময় বিষয়টিকে নিছক মজা মনে হলেও এখন তিনি বুঝতে পেরেছেন যে এর পরিণতি অনেক গুরুতর হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১২ মার্চ বক্সিং অনুশীলন শেষে সিঙ্গাপুরের অভিজাত এলাকা গোল্ডহিল সেন্টারে অবস্থিত একটি আইজুজ ভেন্ডিং মেশিন থেকে একটি স্ট্র বের করে সেটি চেটে আবার ডিসপেনসারে রেখে দেন তিনি।
সিঙ্গাপুরের আইনে জনদুর্ভোগ বা জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করলে সর্বোচ্চ ২ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা, তিন মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
উল্লেখ্য, সিঙ্গাপুরজুড়ে শপিং মল, ট্রেন স্টেশন ও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে আইজুজের ভেন্ডিং মেশিন স্থাপন করা রয়েছে। এসব মেশিনে প্রতি কাপ টাটকা কমলার রস ২ সিঙ্গাপুর ডলারে বিক্রি করা হয়।



