অভিবাসন খাতে প্রতারণা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী নুরুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
অভিবাসন খাতে সিন্ডিকেট, দালালচক্র ও প্রতারণা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, অনিয়ম ও প্রতারণা বন্ধ না করলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) যৌথ উদ্যোগে অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুরে কর্মী পাঠানোর ক্ষেত্রে একজন কর্মীর কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অথচ সিঙ্গাপুর সরকার এ ধরনের অর্থ নেয় না। অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো নির্ধারিত ফি নিলেও কিছু রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছে।
তিনি জানান, প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও যেসব রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নবায়ন করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মো. নুরুল হক বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদেশে কর্মী পাঠানোর বিজ্ঞাপন দেওয়া আইনবিরোধী। এসব প্রতারণা ঠেকাতে বিএমইটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে ঘুষ নেওয়ার অভিযোগও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দরিদ্র প্রবাসীদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, প্রায় ৫১ শতাংশ অভিবাসী কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হন। এর মধ্যে ১৯ শতাংশ অর্থ দিয়েও বিদেশে যেতে পারেননি এবং ৩২ শতাংশ বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, নতুন অনলাইন অভিযোগ ব্যবস্থার মাধ্যমে প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ঘরে বসেই অভিযোগ করতে পারবেন এবং অভিযোগের অগ্রগতি অনলাইনে অনুসরণ করতে পারবেন। এতে প্রতিকার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম প্রবাসীদের দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।



