হজের খরচ আরও কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলার আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

প্রতিমন্ত্রী বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য প্রায় ১২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছিল। এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের দাম প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি সরকারের কাছে হজ ফ্লাইটে আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে হজের সামগ্রিক ব্যয় আরও কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার চায় হজযাত্রীরা যেন তুলনামূলক কম খরচে এবং উন্নত সেবা নিয়ে পবিত্র হজ পালন করতে পারেন। সে লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান উন্নয়ন, টিকিটের মূল্য কমানো এবং সৌদি আরবে আবাসন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপমিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় অংশ নেওয়া হজযাত্রীরা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হজের ব্যয় আরও কমবে এবং সেবার মানও আরও উন্নত হবে।