রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আমেরিকার প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত অ্যাম্বাসেডর সার্জিও গোর।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছানোর পর তিনি প্রতিনিধি দলসহ উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের সম্প্রসারিত ৮ ডব্লিউ এলাকা এবং ৬ নম্বর ক্যাম্প ঘুরে দেখেন।
এরপর তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হাসপাতাল এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সার্জিও গোর আমেরিকার অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক সহায়তা, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিনিধি দলটি রোহিঙ্গা সম্প্রদায়ের কয়েকজন নেতার সঙ্গেও কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি, প্রয়োজন ও প্রত্যাশার বিষয়ে মতামত শোনেন।
স্থানীয় বিশ্লেষকদের মতে, এ সফর রোহিঙ্গা সংকট মোকাবিলায় আমেরিকার মানবিক সহায়তা ও কূটনৈতিক সম্পৃক্ততার ধারাবাহিকতারই প্রতিফলন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছে সার্জিও গোর পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।



