স্পেনের সিউটায় ২৪ ঘণ্টায় ৪৯ হাজারের বেশি অনুপ্রবেশ, নিহত ১৮
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজারের বেশি অভিবাসী অনুপ্রবেশের চেষ্টা করেছেন। নজিরবিহীন এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্পেন।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে ৪৯ হাজারের বেশি মানুষ মরক্কো থেকে সীমান্ত পেরিয়ে সিউটায় প্রবেশ করেছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় সীমান্ত অনুপ্রবেশের ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে স্থানীয় প্রশাসন চরম চাপে পড়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে স্থানসংকট দেখা দিয়েছে। একই সঙ্গে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং মরক্কোর সঙ্গে স্পেনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই সীমান্ত অতিক্রমের সময় সাগরপথে সাঁতরে যেতে গিয়ে ডুবে মারা যান।
পরিস্থিতি সামাল দিতে সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্পেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এ ঘটনার জেরে ইউরোপের বিভিন্ন দেশেও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতালি ইউরোপের বহিঃসীমান্ত সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছে।
অন্যদিকে স্পেনের কর্মকর্তাদের অভিযোগ, ইউরোপের কিছু রাজনৈতিক মহল অভিবাসন সংকটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।



