লোকসভায় প্রতিবেদন
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত সরকার প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করা হয়। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত স্থায়ী কমিটির সুপারিশের আলোকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করছে। এ বিষয়ে অগ্রগতির তথ্য নিয়মিতভাবে স্থায়ী কমিটিকে জানাতে সরকারকে অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে শেখ হাসিনার অবস্থান দেশটির মানবিক নীতি এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।
এতে আরও উল্লেখ করা হয়, ভারতের দীর্ঘদিনের নীতি হলো—দেশটির ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এ অবস্থান বজায় রেখে বিষয়টি সংবেদনশীলতা ও আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে মোকাবিলার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত যান এবং এরপর থেকে সেখানে অবস্থান করছেন। পরবর্তীতে বাংলাদেশ তার প্রত্যর্পণ চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।



