শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে আগামী সপ্তাহে একদল মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারী দেশ সফর করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সার্জিও গোর বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। সফরকালে তারা সম্ভাবনাময় খাতগুলো পরিদর্শন করবেন এবং কোথায় বিনিয়োগ করা যেতে পারে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গোর। সেখানে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তাঁর সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।



