আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে বাসটির যান্ত্রিক অবস্থা, সড়কের পরিস্থিতি এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হবে।

আলজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে আরেকটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হন। একই বছরের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলের বেচার এলাকায় বাস উল্টে আরও ১৪ জনের মৃত্যু হয়।

আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এসব পরিসংখ্যান দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।