রাশিয়ার তেল শোধনাগার ও জাহাজে ইউক্রেনের হামলার দাবি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬
রাশিয়ার তিনটি তেল শোধনাগারের অবকাঠামোয় হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলে এ হামলা চালানো হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী রুশ পতাকাবাহী এবং পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘ইয়ানিনা’ নামের একটি কনটেইনার জাহাজও ডুবিয়ে দিয়েছে। এক লাখ টনের বেশি ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটি কৃষ্ণ সাগরে চলাচল করছিল বলে তিনি দাবি করেন।
এ ছাড়া কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার আরও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তু ধারাবাহিকভাবে সেসব স্থাপনা, যা রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে টিকিয়ে রাখছে।’
ইউক্রেনের দাবি অনুযায়ী, এসব হামলার উদ্দেশ্য ছিল রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করা।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এছাড়া হামলার ক্ষয়ক্ষতির পরিমাণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



