পাকিস্তানে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ নিহত ১০
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ সেনা নির্মল ‘নিমসদাই’ পুরজাসহ ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) পর্বতারোহণ ও ট্রেকিং প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৃহস্পতিবারের তুষারধসে নির্মল পুরজার মৃত্যু গভীর শোক ও হৃদয়বিদারক ঘটনা। একই দুর্ঘটনায় অভিযাত্রী দলের বাকি নয় সদস্যও প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ৮ হাজার ৪৭ মিটার (২৬ হাজার ৪০০ ফুট) উচ্চতার ব্রড পিকে ওঠার সময় তুষারধসের কবলে পড়ে আন্তর্জাতিক এই অভিযাত্রী দল। নির্মল পুরজার নেতৃত্বাধীন ১০ সদস্যের দলের কেউই জীবিত নেই বলে নিশ্চিত করেছে এলিট এক্সপেডিশনস।
নিহতদের মধ্যে ছয়জন নেপালের নাগরিক। এছাড়া পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের একজন করে পর্বতারোহী ছিলেন।
এর আগে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছিলেন, অভিযাত্রী দলের তিন সদস্য—যুক্তরাষ্ট্রের ম্যালোরি গাইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হারথি এবং নেপালের পুর বাহাদুর গুরুংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুরো দলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
৪৩ বছর বয়সী নির্মল পুরজা নেপালি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ গোর্খা রেজিমেন্টের সাবেক সদস্য ছিলেন। ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
তার এই অসাধারণ কীর্তি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র ‘১৪টি চূড়া: কোনো কিছুই অসম্ভব নয়’ (14 Peaks: Nothing Is Impossible) বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নির্মল পুরজা ও নিহত অন্য পর্বতারোহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘তাদের সাহস, আত্মত্যাগ ও অভিযাত্রার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’



