এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজে নিষ্পত্তির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় দলিল যাচাই, আবেদন নিষ্পত্তি এবং বিদ্যমান জটিলতা দূর করতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আবেদনকারীদের জমা দেওয়া প্রমাণপত্র যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে এই কমিটি কাজ করবে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটিকে যেসব বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—

  • সংশোধনের ধরন অনুযায়ী আবেদন শ্রেণিবিন্যাস এবং প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের তালিকা প্রণয়ন।
  • পর্যাপ্ত প্রমাণপত্রের অভাবে বাতিল হওয়া আবেদন পুনরায় জমা দিলে তা নিষ্পত্তির বিষয়ে করণীয় নির্ধারণ।
  • এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান।
  • আবেদন ইলেকট্রনিকভাবে নিষ্পত্তির সময় সিএমএস (CMS) পোর্টালে দেখা দেওয়া জটিলতা দূর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়ে মতামত দেওয়া।
  • এনআইডি লক, আনলক ও রোলব্যাক সংক্রান্ত নীতিমালা বা যৌক্তিকতা নির্ধারণে সুপারিশ প্রদান।

নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন