জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এবার একই মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার

তথ্য অনুযায়ী, গত ৩০ ও ৩১ জুলাই—মাসের শেষ দুই দিনে দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিংসেবার উন্নয়নের ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের মতে, রেমিট্যান্সের প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি ব্যয় নির্বাহ সহজ হবে এবং সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়। নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে দ্বিঅঙ্কের প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।