বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি বিষয়টি আজ মঞ্চে বসেই জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন।”

তিনি বলেন, “কয়েক দিন আগেই শুধু এ বিষয়টি দেখভালের জন্য একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। তাদের বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সালাহউদ্দিন আহমদ জানান, তাঁর জানা মতে, বেনজীর আহমেদকে দুবাই ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে।

তিনি বলেন, “জামিনের শর্তগুলো কী, তার প্রত্যয়িত কপি (সার্টিফায়েড কপি) সংগ্রহ করতে বলা হয়েছে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত ল ফার্মকে জামিন বাতিলের আবেদন নিয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

বেনজীর আহমেদের জামিন বাতিল করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।