ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫; নিখোঁজ ৪১
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) ও বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। রোববার সকালে মাদুরা দ্বীপের উপকূলে পৌঁছালে ফেরিটিতে আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদুরা দ্বীপটি জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত। দ্বীপপুঞ্জভিত্তিক দেশ ইন্দোনেশিয়ায় নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে নিরাপত্তা মান, অতিরিক্ত যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে মাঝেমধ্যেই নৌদুর্ঘটনার ঘটনা ঘটে।
উদ্ধারকারী দল নিখোঁজ ৪১ জনের সন্ধানে সমুদ্রে অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



