৮ মাস পর লেবাননে ইসরায়েলি অভিযান শেষ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

দক্ষিণ লেবাননে প্রায় আট মাস ধরে পরিচালিত সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম ব্রিগেড। রোববার (২ আগস্ট) এক সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে বলা হয়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা ৪০১তম ব্রিগেড আট মাস আগে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছিল। এ সময় তারা সীমান্ত এলাকায় প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ জুড়ে বিভিন্ন সামরিক অভিযান চালায়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় ব্রিগেডটি হিজবুল্লাহর এক হাজার ২০০টিরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে।

এ ছাড়া অভিযানে ৬০০টির বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। একই সঙ্গে তাদের দাবি, এ সময় ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই সময় থেকে সীমান্তজুড়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে নিয়মিত হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে।