ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ে ইতোমধ্যে অনুরোধ করা হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন পরবর্তী কার্যক্রম শুরু করবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আইন ও আচরণবিধি সংশোধনের জন্য কিছু প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এসব প্রস্তাবে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। খসড়া শিগগিরই আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সাধারণত তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত প্রায় ৪৫ দিনের সময় রাখা হয়। ভোটার তালিকা হালনাগাদ, লজিস্টিক প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম বিবেচনায় নিয়ে ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ পদ্ধতিতে পুরো সময়সূচি নির্ধারণ করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ সময়ও বাড়ানো হতে পারে, যাতে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কার্যক্রম শুরু করা যায়।
এনআইডি সংশোধন সংক্রান্ত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে এখনো কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) চূড়ান্ত হয়নি।
রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে তিনি জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্ধারিত শেষ তারিখ ছিল ৩১ জুলাই। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় ২ আগস্ট পর্যন্ত প্রতিবেদন গ্রহণ করা হয়েছে।
তার তথ্য অনুযায়ী, ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি। যেসব দল কোনো প্রতিবেদন জমা দেয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।



