পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

পরিবেশ রক্ষা এবং দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সব নাগরিকের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সরকারের একার প্রচেষ্টায় নয়, বরং প্রতিটি মানুষের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের প্রতিটি মানুষের জীবন ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। তিনি উল্লেখ করেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে।

তিনি বলেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা এবং গ্রামাঞ্চলের রাস্তাঘাট, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, “নিজের ঘরের চারপাশে যদি এভাবে আবর্জনা ছড়িয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কারও ভালো লাগবে না। তাহলে আমরা কেন আমাদের দেশ ও পরিবেশকে একইভাবে পরিচ্ছন্ন রাখব না?”

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন হেঁটে, রিকশায় কিংবা বাসে চলাচল করেন। রাস্তায় যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষকে দুর্গন্ধের মধ্যে চলাচল করতে হয় এবং পরিবেশ দূষণও বাড়ছে।

দেশের পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অনেক জলাশয়ের পাড় ও ভেতরে আবর্জনার স্তূপ দেখা গেছে। অথচ একসময় এসব স্থান ছিল মানুষের অবসর ও বিনোদনের অন্যতম কেন্দ্র।

এ সময় পার্ক, পর্যটনকেন্দ্র ও বিনোদনস্থলে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক, প্লাস্টিকের বোতল কিংবা অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে না ফেলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলেই আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি পরিবেশ রক্ষাকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।