বিক্ষোভে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচন ব্যাহত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের (পিওজেকে) মুজাফফরাবাদ বিভাগে বিক্ষোভ, ভোট বর্জন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ ব্যাহত হয়েছে। দলটি বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের অভিযোগও তুলেছে।

পিটিআইর পিওজেকে শাখার নেতা খাজা ইজাজ রফিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে দাবি করেন, ভোটগ্রহণ শুরুর আগেই মুজাফফরাবাদ শহর ও আশপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তার অভিযোগ, বিভিন্ন সড়ক অবরোধের মধ্যে নিরাপত্তা বাহিনী জোরপূর্বক ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করে।

রফিক আরও দাবি করেন, খুরি থেকে নওসেরি পর্যন্ত নীলম সড়কে গুলির ঘটনাও ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, সেখানে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে।

পিটিআইর দাবি, বিক্ষোভের কারণে অনেক ভোটকর্মী নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতিতে কোটলি ও লাচরাত নির্বাচনী এলাকার পাঞ্জগ্রান, নওসেরি-নওসুদা এবং পাঞ্জকোট ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

দলটির অভিযোগ, ভোট স্থগিতের প্রকৃত কারণ ছিল গণবিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিকূল আবহাওয়ার কারণ দেখিয়ে প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে।

পিটিআই আরও দাবি করেছে, মুজাফফরাবাদের বিপুলসংখ্যক মানুষ ভোট বর্জনের মাধ্যমে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, এই নির্বাচন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নয়।

এদিকে, পিটিআইর পিওজেকে শাখা জানিয়েছে, পাকিস্তান রেঞ্জার্সের হাতে নিরস্ত্র কাশ্মীরিদের কথিত হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের লুটন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা কাশ্মীরিদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়া দলটি অভিযোগ করেছে, মুজাফফরাবাদে ভোটকর্মীদের ভোটকেন্দ্রে নেওয়ার সময় পুলিশ বলপ্রয়োগ করেছে এবং শহরজুড়ে বিক্ষোভ ও হরতালের মধ্যে গুলি চালানো হয়েছে। এর ফলে কয়েকটি এলাকায় ভোটগ্রহণ স্থগিত করতে হয়েছে বলে দাবি করেছে পিটিআই।

তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।