মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের লিঙ্গিতে সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি।

স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গির একটি বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিরা একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আহত বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস।