শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে অবস্থান জানাল ভারত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে যে অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ। এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
বুধবার (৫ আগস্ট) দিল্লিতে একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ। ভারত সরকারের এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই এবং অনুষ্ঠানে প্রকাশিত মতামতের দায়ও সরকারের নয়।
এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বলা হয়, ভারতের মাটিতে বসে এমন কোনো বক্তব্য বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়, যা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণের বিষয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে ভারত সফরের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল, তা এখনো বহাল রয়েছে। পাশাপাশি বিমসটেকের (BIMSTEC) বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক ও কারিগরি কাঠামোর মাধ্যমেই এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার সকালে আদালতের নির্দেশনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে। তিনি বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং আদেশ অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



