শহীদদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বাসস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং দেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা বা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।

আগামীকাল (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলা দমন-পীড়নের বিরুদ্ধে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অংশ নেয়। এ আন্দোলনে হাজারো মানুষ শহীদ হন এবং অন্তত ৩০ হাজার মানুষ আহত হন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষ গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এই অর্জনকে ধরে রাখতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখতে হবে।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে।

তিনি বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সাল ছিল সেই স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম। ১৯৭১-এর শহীদদের মতো ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না।