ওমরাহ ভিসায় নতুন শর্ত, বাংলাদেশিদেরও কিনতে হবে ফুড ভাউচার

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

বাংলাদেশসহ চার দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে আগামী রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

মঙ্গলবার দ্য নিউজ পাকিস্তান–এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন নীতিমালা অনুযায়ী ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ (Nusuk) ফুড ভাউচার কিনতে হবে। প্রতিদিনের এ ভাউচারের মূল্য প্রায় ২০ সৌদি রিয়াল, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত হবে।

নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন এবং খাবারসহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।

এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড থাকবে। সেই কোড ব্যবহার করে অনুমোদিত রেস্তোরাঁ ও খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করা যাবে।

সৌদি কর্তৃপক্ষের লক্ষ্য, ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের কার্যক্রম নিরুৎসাহিত করা। তবে নতুন নিয়ম কার্যকর হলে ওমরাহ প্যাকেজের মোট খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।