আনুষ্ঠানিকভাবে দেশের নাম বদলাল নাউরু, নতুন নাম ‘নাওয়েরো প্রজাতন্ত্র’

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করেছে। এখন থেকে দেশটির নতুন নাম ‘নাওয়েরো প্রজাতন্ত্র’ (Republic of Naoero)

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় ভাষার উচ্চারণ ও বানানের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ পরিবর্তন আনা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং বলেন, নাম পরিবর্তনের পাশাপাশি দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক কোডও পরিবর্তন করা হবে। এত দিন নাগরিকদের ‘নাউরুয়ান’ বলা হলেও এখন থেকে ‘নাওয়েরো’ নামে পরিচিত করা হবে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশিদের উচ্চারণ সহজ করার জন্য দীর্ঘদিন দেশটি ‘নাউরু’ নামে পরিচিত ছিল। নতুন নাম গ্রহণের মাধ্যমে দেশটি তার ঐতিহ্যবাহী পরিচয়ে ফিরে গেল।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট অ্যাডিয়াং পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করেন। প্রয়োজনীয় দুই দফা ভোটে তা অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে নতুন নাম কার্যকর করা হয়।

প্রায় ১২ হাজার জনসংখ্যার নাওয়েরো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করা দেশটি একসময় ফসফেট খনির কারণে সমৃদ্ধ হলেও পরে অর্থনৈতিক সংকটে পড়ে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম এটি।

সরকার জানিয়েছে, নাম পরিবর্তনের ফলে দেশের জাতীয় বিমান সংস্থা ও জাহাজের নামও পরিবর্তন করতে হবে। এ ছাড়া বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে নতুন নামের স্বীকৃতি চাওয়া হয়েছে।

ইতোমধ্যে জাতিসংঘ দেশটির নতুন নাম নথিভুক্ত করেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশের সরকারি ওয়েবসাইটেও ‘নাওয়েরো’ নাম ব্যবহার শুরু হয়েছে।

এর আগে ২০১৮ সালে সোয়াজিল্যান্ড নাম পরিবর্তন করে ‘এসওয়াতিনি’ এবং ২০২২ সালে তুরস্ক আন্তর্জাতিক পরিসরে ‘তুর্কিয়ে’ নাম ব্যবহার শুরু করে।