নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আরোপের অভিযোগে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত মাসে ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর দুই অঙ্কের নতুন শুল্ক আরোপ করে প্রশাসন আইনি সীমা অতিক্রম করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এসব দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করলে প্রশাসন অস্থায়ী শুল্ক আরোপ করে। সেই ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার পর নতুন শুল্ক কার্যকর করা হয়।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে পরাজয়ের পরও ট্রাম্প প্রশাসন পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে করের বোঝা বাড়াতে নতুন শুল্ক আরোপের চেষ্টা করছে।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবে নতুন শুল্ক আরোপ করা হয়েছে এবং এটি আইনসম্মত।