ভারতীয় ভিসার নামে প্রতারণা, নতুন সতর্কবার্তা হাইকমিশনের

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ভিসা পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি বা ব্যক্তিগত তথ্য চাওয়া প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না বা অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো যোগাযোগ পান, তাহলে বিষয়টি দ্রুত ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

ভারতীয় হাইকমিশন সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ভিসা-সংক্রান্ত প্রতারণা সম্পর্কে অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে।