ইরানের হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্য ছাড়তে হবে আমেরিকাকে
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
খুব শিগগিরই আমেরিকাকে শুধু মধ্যপ্রাচ্য থেকেই নয়, বরং যেসব দেশ বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, সেসব দেশ থেকেও সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর মেহের নিউজ।
পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ছবিতে আজিজি লেখেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।’
তিনি আরও বলেন, ‘সেদিন বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য বরাদ্দ করা সব সম্পদ নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যয় করতে হবে।’
ইরানি এই আইনপ্রণেতা দাবি করেন, শেষ পর্যন্ত আমেরিকাকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে।



