রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট

সকালে আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠানো হয়েছে। তালিকা পাওয়ার পরই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।