নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
রাজধানীসহ দেশের নদ-নদীর দূষণ রোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নদীদূষণ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আর কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, নদীদূষণ রোধে শুধু কর্মপরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, তার কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। তিনি বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নের নির্দেশ দেন।
বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় শিল্প-কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালের নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
এ সময় শিল্প-কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর নদীগুলোর পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।



