দুই জেলায় সড়কে ১৬ প্রাণহানি
রক্তভেজা সড়কে এখন শুধুই কান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
কেউ বের হয়েছিলেন কাজের সন্ধানে, কেউ যাচ্ছিলেন প্রিয়জনের কাছে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল ১৬টি প্রাণ। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া ও সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন।
বগুড়ায় বাসের চাপায় প্রাণ হারিয়েছেন সাতজন। আর সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন নয়জন। দুটি দুর্ঘটনাই স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বগুড়ায় বাসের চাপায় নিহত ৭
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কয়েকজন শ্রমিক সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। পরে বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং জয়পুরহাটের তাজমুল (৪৫)।
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
অন্যদিকে, শুক্রবার সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুই জেলার পৃথক এই দুই দুর্ঘটনায় মোট ১৬ জনের প্রাণহানি ঘটেছে। স্বজনদের কাছে পৌঁছানোর আগেই কিংবা কাজের সন্ধানে বের হয়ে সড়কে প্রাণ হারানো এসব মানুষের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



