আওয়ামী লীগকে নিয়ে মির্জা ফখরুলের কড়া মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সবসময় মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তার উল্টো করেছে।

শুক্রবার (৭ আগস্ট) এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজ যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণ হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’

তিনি বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে গণতন্ত্রের জন্য সবাইকে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি দাবি করেন, বর্তমানে গণমাধ্যমে কোনো চাপ নেই। সাংবাদিকরা নিজেরাই সেলফ সেন্সরশিপের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের পাঁচ মাস যেতে না যেতেই রাজপথে বলা হচ্ছে—‘পাঁচ বছর যেতে দেব না, আগেই শেষ করে দেব।’ তাঁর মতে, এ ধরনের বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়।

তিনি বলেন, ‘আপনি সংসদে আসেন, সংসদে কথাগুলো বলেন।’

জুলাই সনদ ও গণভোট নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এসব বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করে সমাধান করা সম্ভব। তিনি সংশ্লিষ্টদের দাবি-দাওয়া নিয়ে সংসদে এসে কথা বলার আহ্বান জানান।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।