‘সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তুরস্ক’ : ইসরায়েল

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গিদিয়ন সার বলেন, যারা কয়েক দশক ধরে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, তারাই এখন অন্যদের আন্তর্জাতিক আইন নিয়ে নীতিকথা শোনাচ্ছে।

তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি সিরিয়ার প্রায় ৫ শতাংশ ভূখণ্ডে অবস্থান করছে এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে।

অন্যদিকে, সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতির প্রসঙ্গে গিদিয়ন সার দাবি করেন, ইসরায়েল সিরিয়ার মাত্র ০.১ শতাংশ এলাকাজুড়ে একটি ‘বাফার জোন’ নিয়ন্ত্রণ করছে। তাঁর দাবি, দক্ষিণ সিরিয়া থেকে সম্ভাব্য সশস্ত্র গোষ্ঠীর হামলা প্রতিরোধের লক্ষ্যেই ওই অঞ্চল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান চান ইসরায়েল যেন নিজের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ বন্ধ করে। তবে ইসরায়েল তা করবে না।

গিদিয়ন সার বলেন, ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

সিরিয়াকে ঘিরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই দুই দেশের উত্তেজনা নতুন করে সামনে এসেছে।