যুদ্ধ পরিস্থিতির মধ্যে মোদি-নেতানিয়াহুর ফোনালাপ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মোদিকে ফোন করেন। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে মতবিনিময় করেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।
এ ছাড়া ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন মোদি ও নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই দুই নেতার এই ফোনালাপ হলো।
গত মাসে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান সংঘাত নিয়ে ভারত ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



