রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ফটিকছড়ি-হাটহাজারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরের শুরুতে প্রধানমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এ সময় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি নতুন ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন তিনি।
এরপর দুপুরের দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দংয়ের পেলাগাজী দিঘির সিএন্ডবি মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বাবুনগর মাদরাসায় যাবেন তিনি। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের শীর্ষ আলেমদের নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী সড়কপথে হাটহাজারী মাদরাসা পরিদর্শন করবেন। সেখানে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। পরে হাটহাজারী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ফটিকছড়ির পাইন্দং থেকে বাবুনগর মাদরাসা পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় চলছে বিশেষ সাজসজ্জা। সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। পাশাপাশি ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে সড়কের দুই পাশ। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নিয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর কালের কণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, ‘ফটিকছড়িবাসী দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। এই সফরের মধ্য দিয়ে ফটিকছড়ির সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সার্বিক উন্নয়নের দাবিগুলো আমরা তাঁর কাছে তুলে ধরব।’
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে বন্যার সংকটকালে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি দুর্গত মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফটিকছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, হেলিপ্যাড নির্মাণ থেকে শুরু করে জনসভাস্থল ও প্রধানমন্ত্রীর যাতায়াতের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ শাখার সদস্যরা কাজ করছেন। সফর ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ। এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন ফটিকছড়ি ও হাটহাজারীর মানুষ।



